রাজধানীর পল্লবীতে সাংবাদিক মাসুদ জিয়ার বাসাতে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ জুন) সকালে মিরপুর সেকশন-১১ এর ব্লক-সি এলাকার ওই বাসায় এ ঘটনা ঘটে। লুটপাটকারীরা এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী সাংবাদিক মাসুদ জিয়ার স্ত্রী পিংকি আক্তার জানান, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। গত জানুয়ারি মাসে বাড়িওয়ালা মোক্তার হোসেন বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু তাদের মেয়ের বিয়ে আসন্ন হওয়ায় তারা কিছুটা সময় চেয়েছিলেন।
পিংকি আক্তার অভিযোগ করেন, আজ শনিবার সকালে তার স্বামী মাসুদ জিয়া বাসায় না থাকার সুযোগ নিয়ে বাড়িওয়ালা মোক্তার হোসেন, পল্লবী থানা যুবদল নেতা রাজীব হোসেন পিন্টুর লোকজন এবং পল্লবীর চিহ্নিত মাদক কারবারি নান্নু মিয়াসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
হামলার বিবরণ দিয়ে তিনি বলেন, তারা বাসায় ঢুকে তছনছ শুরু করে এবং ব্যাপক লুটপাট চালায়। ডাকাতরা আমার মেয়ের জন্য জমানো ১৫ ভরি স্বর্ণের গহনা, নগদ ২ লাখ টাকা, ‘চ্যানেল মুসকান’-এর গুরুত্বপূর্ণ লাইসেন্স ও সরকারি জরুরি নথিপত্র লুট করে নিয়ে যায়। আমি খবর পেয়ে দ্রুত বাসায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাকে এবং আমার অন্তঃসত্ত্বা মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। হামলাকারীদের সঙ্গে পূর্ব থেকেই জমি ও বাসা সংক্রান্ত বিরোধ চলছিল এবং এ নিয়ে থানায় একটি মামলাও চলমান রয়েছে। মামলার বাদী হওয়া সত্ত্বেও প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ভুক্তভোগী পিংকি আক্তার আজ শনিবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এ ধরনের সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই পার না পায়, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
পল্লবী থানার ডিউটি অফিসার জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক মাসুদ জিয়ার পরিবারের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply