রাজধানীতে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬-এর সাম্বো ও কুরাশ ডিসিপ্লিনে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ও সাম্বো-কুরাশ ক্লাব। ২৪, ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দলটি ১৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদকের নির্দেশনায় বর্তমান সাম্বো-কুরাশের দক্ষ প্রশিক্ষক মোহাম্মদ মাহামুদুল কবির এবং ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মহসিন আহমেদ-এর নেতৃত্বে অফিসিয়াল দলটি এ সাফল্য অর্জন করে।
অন্যদিকে, সেনসি আশরাফুল ইসলাম-এর নেতৃত্বে বাংলাদেশ সেলফ ডিফেন্স স্পোর্টস কারাতে একাডেমি, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দল ৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জপদক জিতে প্রতিযোগিতায় রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি তুলে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন-এর সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) মো. বদরুল আমিন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. গোলাম সাব্বির মাসুম। এ সময় তারা বিজয়ী খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহ ও শুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের পদক পরিয়ে দেন দেশের একসময়ের কিংবদন্তি খেলোয়াড় ও সফল প্রশিক্ষক শিহান নাজমুল মোরশেদ। তিনি সাম্বো ও কুরাশের কারিগরি দক্ষতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পাশাপাশি এশিয়ান ইনডোর মার্শাল আর্টস এবং ভবিষ্যতে অলিম্পিক পর্যায়ের ইনডোর মার্শাল আর্ট গেমসে সাম্বো ও কুরাশের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।
এই সাফল্যে সাম্বো-কুরাশ অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা, সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে বাংলাদেশ সাম্বো ও কুরাশ আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে এবং লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে আরও গৌরবের সঙ্গে তুলে ধরবে।
Leave a Reply