রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, নারী ও পরিবারের সদস্যদের মারধর এবং স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন পপি বেগম (৪৫)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে পল্লবীর সেকশন-১১, ব্লক-ই, বাউনিয়াবাদ এলাকার লাইন-৩-এর একটি বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার আগে দুপুর ১টার দিকে অভিযুক্ত রেখা ওই বাসার এক ভাড়াটিয়ার সঙ্গে ঝগড়া করে তাকে মারধর করেন। এ সময় অভিযোগকারীর মেয়ে আরিফা ইসলাম (২০) মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও ধারণকে কেন্দ্র করে অভিযুক্তরা আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাসায় হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাসার বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন। একপর্যায়ে অভিযুক্ত স্বপ্না পপির মেয়ের কাছ থেকে তার ব্যবহৃত আইফোন-১৫ ছিনিয়ে নেন। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে দাবি করা হয়েছে।
পপি বেগম অভিযোগ করেন, মেয়েকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে তার স্বামী আব্দুল আজিজ বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাকে রাস্তায় মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া হামলাকারীরা চলে যাওয়ার আগে পপির মেয়ের গলা থেকে প্রায় ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে পপি বেগম দাবি করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং অভিযুক্তরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। এ ঘটনায় তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযোগটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply