রাজধানীর পল্লবী এলাকায় গোপন অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি (মিরপুর বিভাগ)। গ্রেফতার ব্যক্তিরা হলেন হুদা মামুন ও অরিন।
রবিবার নিউ টাউন বাজারের মৎস্য আড়তের একটি গোপন কক্ষ থেকে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতার হুদা মামুন ও অরিন মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ও দুবাই প্রবাসী মশিউর রহমান মশীর গ্রুপের সক্রিয় সদস্য। তারা সোহেল নামে আরও এক সন্ত্রাসীর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গত ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে টানা তিন দিন গুলির ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। ঘটনায় কেউ প্রকাশ্যে কিছু বলতেও সাহস পায়নি।
এই গুলির ঘটনার তদন্তে নামে ডিবি-মিরপুর বিভাগ। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিউ টাউন বাজারে অভিযান চালিয়ে ডিবি সদস্যরা হুদা মামুন ও অরিনকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল। ওই কক্ষ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা গেছে, অরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে, যার মধ্যে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। অন্যদিকে হুদা মামুনের বিরুদ্ধে দ্রুতবিচার ও মাদক আইনে একাধিক মামলা চলমান।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ডিবি দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে তিনি শুনেছেন। তাদের থানায় নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply