রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন পল্লবী থানা এলাকায় পানির লাইন থেকে পানি উত্তোলনকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন সেকশন-১২, কুর্মিটোলা নতুন ক্যাম্প এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. চাঁন, মীম (১৬), সুরুজ ও মীম আক্তার খুশবু। তাদের মধ্যে চাঁন ও মীম গুরুতর জখম হয়েছেন।
ভুক্তভোগী সাম্মি খাতুন (৪০) অভিযোগ করেন, বোর্ডিংয়ের পানি উত্তোলন নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী নাঈম, নাসিম, কালু, ডলি, রোজিনা, নাহিদ, সুমি, নাসিমা, মনি ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন তার ঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা দা, বটি, চাপাতি, লোহার রড ও ক্রিকেট স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি জানান, হামলাকারীরা তার ছেলে চাঁনের মাথায় চাপাতি দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। মেয়ে মীমকে মাথা লক্ষ্য করে আঘাত করলে সে হাত দিয়ে ঠেকাতে গিয়ে ডান হাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক চাঁনের মাথায় তিনটি এবং মীমের হাতে চারটি সেলাই দেন বলে জানান তিনি।
সাম্মি খাতুন আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এছাড়া তার পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রুপার ব্রেসলেট, স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইন এবং নগদ ১৭ হাজার ৩০০ টাকা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়েছে এবং ভবিষ্যতে সুযোগ পেলে মেরে ফেলার ভয় দেখিয়েছে। এমনকি তার মেয়েকে কর্মস্থলে যাওয়ার পথে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সাম্মি খাতুন বাদী হয়ে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাস্থল গিয়ে বিবাদী এবং বিবাদী পক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পল্লবী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply