রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৫৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এর নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পল্লবী থানার একটি দল রিমান্ডে থাকা আসামি মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে ‘বৃন্দা রনি’-র দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের সেকশন-১২ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্রাজিলের তৈরি রিভলভারসহ ৫ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান- গত ২১ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পল্লবীর আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে ‘বৃন্দা রনি’, পিচ্চি বাবু ও বড় লোকমান নামের তিনজন মিলে গুলি ছোড়ে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।
তিনি এলাকায় ‘শুটার বৃন্দা রনি’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি মাদক মামলা রয়েছে।
এছাড়া একটি দস্যুতা মামলা তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply