মিরপুর সেনা ক্যাম্পের অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহিনূরসহ ৫ জন আটক:
মিরপুর সেনা ক্যাম্পের একটি চৌকস টিমের পরিচালিত গোপন অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহিনূরসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) গভীর রাতে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
জানা গেছে অভিযানে আটক হওয়া মাসুদাসহ তারা সবাই শাহিনূরের মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর পল্লবী ও মিরপুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সূত্রে আরও জানা যায়, এই চক্রটি পল্লবী থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। চক্রটির মূল নেতৃত্বে রয়েছেন শাহিনূর ও তার ভাই জসিম।

মূল হোতা জসিম এখনও ধরাছোঁয়ার বাইরে:
তবে মাদক ও অস্ত্র ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত জসিম এখনও আইনশৃঙ্খলাবাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, জসিমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
স্থানীয়রা জানিয়েছেন, শাহিনূর ও জসিম দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তারা প্রশাসনের একাংশকে ‘ম্যানেজ’ করে অবাধে অপরাধ সাম্রাজ্য বিস্তার করছিল।
মাদক ও অস্ত্র চক্রের এই রমরমা ব্যবসার বিরুদ্ধে সেনা বাহিনীর সাহসী অভিযান একদিকে যেমন এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে, তেমনি স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। “দ্য ক্রাইম সার্চ” টিম এই ঘটনার গভীরে অনুসন্ধান চালিয়ে যাবে।
Leave a Reply