শেরপুরে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো “খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আয়োজক কমিটির আহ্বায়ক খন্দকার আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল ২-১ গোলে পরাজিত করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেন।
উল্লেখ্য, নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল—শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল।
খেলা শেষে অতিথিরা বলেন, এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং জেলার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ করবে।
Leave a Reply