রাজধানীর কাফরুল থানায় হাজতখানায় থাকা আসামিদের সঙ্গে দেখা করতে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিওতে থানার গেটের কাছে এক পুলিশ সদস্যের হাতে ২২০ টাকা তুলে দিতে দেখা গেছে এক ব্যক্তিকে। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর হাজতখানায় থাকা আসামির সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাফরুল থানার এসআই সাইফুল ও কনস্টেবল রবিউল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির কাছ থেকে ২২০ টাকা নিয়ে পকেটে রাখছেন কনস্টেবল রবিউল। অভিযোগকারী পক্ষের দাবি, হাজতখানায় থাকা আসামির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে এভাবে টাকা নেওয়া হয়।
তবে অভিযোগ শুধু ২২০ টাকায় সীমাবদ্ধ নয়। থানার তৃতীয় তলায় নিয়ে আসামিপক্ষের কাছ থেকে এসআই সাইফুল ২ হাজার টাকা নিয়েছেন এমন অভিযোগও উঠেছে। এ ঘটনার সরাসরি ভিডিও না থাকলেও একটি ভয়েস রেকর্ড পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
বিষয়টি নিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি জানান, হাজতখানায় থাকা আসামির সঙ্গে দেখা করতে কোনো ধরনের টাকা নেওয়ার নিয়ম নেই। এভাবে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেন তিনি।
ওসি আরও বলেন, কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এখন সেটিই দেখার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা আসামির সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ দিতে অর্থ নেওয়ার অভিযোগ উঠলে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
Leave a Reply