রাজধানীর পল্লবী থানা এলাকায় পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে প্রতারণা এবং নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হালিমা বেগম (৪০) নামে এক গৃহিণী।
অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুরের সেকশন-১১ এলাকার এডিসি ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন হালিমা বেগম ও তার পরিবার। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত মোঃ সাকিব (২৮) ও শিউলি আক্তার (২৪) কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান।
অভিযোগে উল্লেখ করা হয়, সাকিবের সঙ্গে হালিমার ভাইয়ের প্রায় ১৬ বছরের সম্পর্ক ছিল এবং সাকিব দীর্ঘদিন তাদের বাসায় অবস্থান করতেন। তার ভরণ-পোষণের দায়িত্বও পরিবারের পক্ষ থেকেই বহন করা হতো। সম্প্রতি সাকিবের সঙ্গে শিউলি আক্তারের পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। শিউলি আক্তারের একটি পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
হালিমা বেগম দাবি করেন, নিখোঁজ হওয়ার সময় সাকিব বাসা থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে যান। এরপর থেকে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বর্তমানে অভিযুক্তদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হালিমা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত অভিযুক্তদের সন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply