মিরপুরে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। স্থানীয় ইসলামী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবের আমেজে পরিণত করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং মতবিনিময় করেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি।
তিনি তার বক্তব্যে বলেন, ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করা হবে। ন্যায়, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের সেবায় আমরা কাজ করে যাব। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাস দমন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তার মূল লক্ষ্য। একটি নিরাপদ, আধুনিক ও উন্নত ঢাকা-১৬ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন, যিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মোঃ নাসির উদ্দীন (নির্বাচনী এজেন্ট ও আসন পরিচালক), আবু হানিফ (আমীর, রূপনগর থানা), পল্লবী থানা আমীর মাওলানা সাইফুল কাদের, মোহাম্মদ মহিউদ্দিন (সেক্রেটারি, পল্লবী থানা), কাজী ওমর ফারুক (অর্থসম্পদ), মোহাম্মদ সাইফুদ্দিন, নওশাদ আলম (যুব-ক্রীড়া ও তারবিয়্যাহ সম্পাদক), মাসকুর রহমান (আইটি সম্পাদক), ওবায়দুল্লাহ (এইচআরডি সম্পাদক)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা-১৬ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা সম্ভব। তারা শিক্ষা-স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে ঢাকা-১৬ আসনকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
Leave a Reply