শুক্রবার (২৮ নভেম্বর) মিরপুর প্রেসক্লাব চত্বরে উচ্ছ্বসিত পরিবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা ও চা–চক্র। মিরপুর প্রেসক্লাবের আয়োজনে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, তরুণ সংবাদকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম বলেন, সাংবাদিক সমাজ দেশের চেতনা, সংস্কৃতি ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সত্য প্রকাশই আমাদের পেশার মূল লক্ষ্য। তথ্যের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই আমাদের প্রধান শক্তি। তিনি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশার মর্যাদা রক্ষার আহ্বান জানান।
পরবর্তী বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয় এটি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার ঘর। এখানে তরুণ থেকে প্রবীণ সবার জন্য সমান সুযোগ, সম্মান ও সহায়তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তিনি আধুনিক, নির্ভরযোগ্য ও নৈতিক সাংবাদিকতার প্রসারে সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সিনিয়র সহ–সভাপতি মাইনুল ইসলাম পলাশ সমসাময়িক মিডিয়ার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, ভুয়া খবরের বিস্তার ও তীব্র প্রতিযোগিতা—সব মিলিয়ে সাংবাদিকতা ক্রমশ বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের একতা ও পেশাদারিত্বই আমাদের প্রধান ভরসা।
অন্যদিকে, সিনিয়র সদস্য এমএস ইসলাম বলেন, সত্যনিষ্ঠ সংবাদ সমাজকে পথ দেখায়। উন্নত জাতি গঠনে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। তাই সত্য প্রকাশে আপসহীন থেকে গঠনমূলক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য এমএস ইসলাম, খায়রুল ইসলাম, মনজুর আহমেদ, শাহিনুজ্জামান, এমএ গাফফার, জাকির হোসেন মোল্লা, এস এম ইকবাল নিপু, আসিফ মল্লিক, শফিকুল ইসলাম সাইমনসহ বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়। শেষে চা–চক্রে উপস্থিত অতিথিরা এক টেবিলে বসে সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও মজবুত করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সামনে সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।
Leave a Reply