রাজধানীর মিরপুর পল্লবীর ভাষানী মোড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কিছু দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অভিযানে নামে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শুরু হলে হ্যান্ড মাইকে দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুযোগে দোকানিরা মালামাল সরানোর চেষ্টা করেন। তবে কিছু দোকান ভেঙে গুঁড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। ব্যবসায়ীদের অভিযোগ, কোনোরকম নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে।
দোকান মালিকরা জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে বরাদ্দ পাওয়ার আশ্বাসে তারা টাকা দিয়েছেন। কিন্তু বরাদ্দের দোকান বুঝে না পেয়ে বাধ্য হয়ে ফুটপাতে ব্যবসা শুরু করেন। এখন বিনা নোটিশে সেই দোকানও ভেঙে দেওয়া হয়েছে, যা তাদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম বলেন, “ফুটপাত হলো সরকারি জায়গা। এখানে কোনো স্থাপনা অবৈধ। তাই অভিযান পরিচালনার জন্য আলাদা করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
তিনি আরও জানান, উচ্ছেদের পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। কেউ বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত হয়ে থাকলে প্রমাণ দেখাতে পারবেন।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, চলমান কার্যক্রম হিসেবে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় তাদের দাবি আদায়ের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
Leave a Reply