ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এই আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এ অভিযোগের জবাবে আবদুল বাতেন বলেন, “জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনে—এমন কথা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না।
তিনি আরও বলেন, মাঠের বাস্তব পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রতিপক্ষ এমন অভিযোগ তুলছে, তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই।
এদিন আবদুল বাতেন ফজরের নামাজের পর মিরপুর-১১ নম্বরের বি-ব্লকের বাইতুন নূর মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত মিরপুর-৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এছাড়া সকালবেলায় তিনি মিরপুর আদর্শ বিদ্যানিকেতনসহ সি-ব্লকের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
আসরের নামাজের পর মিরপুর ঝুটপট্টি এলাকায় প্রচারণা চালান তিনি। পরে মাগরিব ও এশার নামাজের পর বি ও সি-ব্লক এবং মিরপুর-৬ নম্বরের মুকুল ফৌজ মাঠে তিনটি উঠান বৈঠকে অংশ নেন।
নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত প্রার্থী বলেন, ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান শাসনব্যবস্থা থেকে মানুষ পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply